পায়রা নদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পায়রা নদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

বরগুনার আমতলী উপজেলার পায়রা নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের নাসির তালুকদারের বাড়ির উত্তর পাশে পায়রা নদীর দক্ষিণ তীরে স্থানীয়রা বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় পচন ধরেছে। এ কারণে পরিচয় শনাক্তে বেগ পেতে হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য জেলার সব থানায় তথ্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমতলী থানায় এ ঘটনায় কোনো নিখোঁজ ডায়েরি পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় নিশ্চিত করা না গেলে সিআইডির সহায়তায় ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।