অভয়নগরে অভিযান, বিপুল পরিমাণ চায়না দুয়ারি-কারেন্ট জাল ধ্বংস

অভয়নগরে অভিযান, বিপুল পরিমাণ চায়না দুয়ারি-কারেন্ট জাল ধ্বংস

সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে সরকারি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট জাল, ভেসাল জাল ও পাটা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব ক্ষতিকর জাল ও পাটা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভয়নগর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি খালের তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। এ সময় শুভরাড়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, থানা পুলিশের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানায়, সরকারি খালে অবৈধ ও পরিবেশবিধ্বংসী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।