ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় নরসিংদী জেলায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। জরুরি পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নরসিংদীতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎ দুই জেলার মধ্যে ভাগ করে সরবরাহ করতে হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ভুলতা এলাকায় ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় নরসিংদী জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নরসিংদীতে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে।
তবে ট্রান্সমিশন লাইনের নির্ধারিত লোড ধারণক্ষমতা অনুযায়ী দুই জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। এর সঙ্গে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নরসিংদীর ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনটি শুক্রবারের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইনটি সচল হলে ব্রাহ্মণবাড়িয়ার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং জেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুবাস চন্দ্র দাস সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছেন।