চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, দুই নারী নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়লে দুই নারী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন কর্ণফুলী টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল মোড়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা যাত্রী নিয়ে অপেক্ষা করছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা বাসের নিচে চাপা পড়ে এবং দোকানের ভেতর-বাইরে থাকা বহু মানুষ আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য প্রথমে পাওয়া গেলেও পরে আহতের সংখ্যা আরও বেড়েছে। হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে। উদ্ধার কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।