যাত্রীবাহী ট্রেন রেখে উধাও চালক, ফিরলেন ১ ঘণ্টা পর
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস (আপ) ট্রেনের চালক স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে ১ ঘণ্টা ৭ মিনিট পর চালক ফিরলে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে ট্রেনটি। নির্ধারিত দুই মিনিট বিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও ট্রেনটি আর ছেড়ে যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, চালক ইঞ্জিনে নেই এবং ইঞ্জিনের দরজা বন্ধ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টার ও কয়েকজন কর্মচারী সাময়িকভাবে সরে যান।
প্রায় ১ ঘণ্টা ৭ মিনিট পর ৭টা ১৫ মিনিটে ট্রেনের চালক মাহবুবুর রহমান স্টেশনে ফিরে আসেন। তবে সাংবাদিকরা তার কাছে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ইঞ্জিন চালু করেন এবং হুইসেল বাজিয়ে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান আলী বলেন, নিয়ম অনুযায়ী ট্রেন দুই মিনিট থামার পর ছাড়ার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু চালক ইঞ্জিনে ছিলেন না। এরপর তাকে খুঁজতে শুরু করা হয়। এক ঘণ্টারও বেশি সময় পর তিনি ফিরে এলে ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।