পাকিস্তানেও ‘ককরোচ পার্টি’ নিয়ে সতর্কবার্তা

পাকিস্তানেও ‘ককরোচ পার্টি’ নিয়ে সতর্কবার্তা

ফাইল ছবি।

ভারতের মতো পাকিস্তানেও ‘ককরোচ পার্টি’ ধরনের একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তরুণদের হতাশা, বেকারত্ব ও মেধার যথাযথ মূল্যায়নের অভাব অব্যাহত থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মহসিন নাকভি বলেন, ‘আমরা আমাদের তরুণ-তরুণীরা যা চায়, তা দিতে পারছি না। আপনি তাদের তরুণ, ককরোচ কিংবা অন্য যেকোনো কিছু বলতে পারেন। কিন্তু যদি এই ককরোচেরা ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে।’

তিনি বলেন, ভারতে তরুণদের হতাশা থেকে ‘ককরোচ পার্টি’ নামে যে রাজনৈতিক প্রবণতার উত্থান দেখা যাচ্ছে, বেকারত্ব ও দুর্বল প্রশাসন অব্যাহত থাকলে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

মহসিন নাকভি জানান, সরকার তরুণদের জন্য বৃত্তি ও বিনামূল্যে ল্যাপটপসহ বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু করেছে। তবে এগুলো একাই সমস্যার সমাধান নয়।

তার ভাষায়, মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত না হলে শুধু আর্থিক সহায়তা দিয়ে তরুণদের সন্তুষ্ট রাখা সম্ভব হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা, মেধার মূল্যায়ন এবং অর্থবহ কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা জরুরি। অন্যথায় রাজনীতিতে ধনকুবেরদের প্রভাব বাড়তে থাকলে ‘ককরোচ পার্টি’ ধরনের নতুন রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য হয়ে উঠতে পারে।