নদী থেকে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

নদী থেকে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

 

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় একটি বার্জ ও একটি এক্সক্যাভেটরসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বরিশাল স্টেশনের সদস্যরা সদর থানার লঞ্চঘাটসংলগ্ন কীর্তনখোলা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের সময় একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং ৬ জনকে আটক করা হয়। পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাটি উত্তোলনের সঙ্গে জড়িত মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেন।
জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। এছাড়া মুচলেকা নেওয়ার পর আটক ব্যক্তিদের বার্জ ও এক্সক্যাভেটরসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, নদী তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে