চলন্ত ট্রেনে চুরি করে পালানোর সময় আটক ২
প্রতিকি ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে এসির মোটর চুরি করে পালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম থেকে জামালপুরগামী ট্রেনটি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করে কুলিয়ারচর এলাকায় প্রবেশের পর ঘটনাটি ঘটে।
আটক দুজন হলেন ভৈরব নিউটাউন এলাকার মৃত মানিক মিয়ার ছেলে দুলাল মিয়া (২৫) ও একই এলাকার বাবু মিয়ার ছেলে আরিফ (১৬)।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগির মোটর খুলে দুই ব্যক্তি ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করে। বিষয়টি বুঝতে পারে যাত্রীরা ট্রেনের স্টাফদের বিষয়টি জানালে জরুরি ভিত্তিতে কুলিয়ারচর স্টেশনের প্রবেশের আগে খরকমারা এলাকায় ট্রেন থামান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া দিয়ে চোরাই মোটরসহ দুজনকে আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা তাদেরকে উত্তমমধ্যম দেয়। পরে নিরাপত্তাকর্মীরা ট্রেনে করেই তাদেরকে কিশোরগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেন থেকে এসির যন্ত্রাংশ চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।