মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি সভা

সংগৃহীত ছবি

 

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, ভেন্যু ব্যবস্থাপনা এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে সভায় আলোচনা করা হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

সভায় প্রতিযোগিতার মাঠ প্রস্তুত, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, অংশগ্রহণকারী দলগুলোর আবাসন ও যাতায়াত, চিকিৎসাসেবা এবং আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রতিযোগিতা সফল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।