শায়েস্তাগঞ্জে জলাশয়ে ভাসছিল দুই সহোদর শিশুর লাশ

শায়েস্তাগঞ্জে জলাশয়ে ভাসছিল দুই সহোদর শিশুর লাশ

প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জলাশয় থেকে দুই সহোদর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাচাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—পাচাল গ্রামের বকুল সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দুই ভাই বাড়ি থেকে খেলতে বের হয়। দুপুর পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি জলাশয়ে দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্বজনরা।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির পাত্র নিয়ে জলাশয়ের পাড়ে যাওয়ার পর দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়। এতে তাদের মৃত্যু হতে পারে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।