কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন

ফাইল ছবি

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাবলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 উক্ত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভির কাপ্তাই সংবাদদাতা মাহফুজ আলমকে সভাপতি এবং ৭১ টিভির কাপ্তাই প্রতিনিধি রিপন মারমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

কাপ্তাইয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সমস্যা তুলে ধরার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। কাপ্তাইয়ের বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মো. সুমন খান, সহ সভাপতি চাইথোয়াই মং মারমা। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, অর্ণব মল্লিক ও সাগর মারমা প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, নতুন এই কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে কাপ্তাই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বজায় রাখবে এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা ও কাপ্তাইয়ের নানা অসঙ্গতিসহ সম্ভাবনার কথা তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।