পাকিস্তানে তুষারধস : নিখোঁজ ১০ পর্বতারোহীর মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে ব্রড পিক পর্বতে তুষারধসের পর নিখোঁজ ১০ পর্বতারোহীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।পাকিস্তান আলপাইন ক্লাব জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন হলেন ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুং।বাকি দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বের অন্যতম উচ্চতম শৃঙ্গ ব্রড পিকে ১০ জন পর্বতারোহী নিখোঁজ হন। তাদের মধ্যে রয়েছেন খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজা, যিনি ২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তুষারধসের পর থেকেই পুরো দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।নিখোঁজদের খুঁজে বের করতে পাকিস্তান সেনাবাহিনী দুটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার সকালেই পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী হেলিকপ্টার উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ জানা গেছে, ৮ হাজার ৪৭ মিটার (২৬,৪০০ ফুট) উঁচু এই ব্রড পিক শৃঙ্গটি পর্বত আরোহীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত।
নিখোঁজ এই দলটিতে নেপালের ৫ জন সদস্য ছাড়াও একজন মার্কিন, একজন চীনা এবং একজন ওমানি নাগরিক রয়েছেন।
দলের দলনেতা নির্মল পূর্জা পর্বতারোহণ জগতে এক অতি পরিচিত নাম।
২০১৯ সালে মাত্র ছয় মাসের মধ্যে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উঁচু ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়া পূর্জা ২০০৯ সালে রয়্যাল মেরিন অফিসার হন। পরবর্তীতে ২০১২ সালে এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকিংয়ে গিয়ে পর্বতারোহণের প্রতি তার প্রবল ঝোঁক তৈরি হয় এবং সেখান থেকেই শুরু হয় তার রেকর্ড গড়া যাত্রা।
এক বিবৃতিতে আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, দ্রুততম সময়ে সব ধরনের উদ্ধার সরঞ্জাম মোতায়েন নিশ্চিত করতে কাজ চলছে।
ক্লাবটি নিখোঁজ পর্বতারোহীদের নিরাপত্তা ও সফল উদ্ধার প্রার্থনার পাশাপাশি তাদের পরিবার ও আন্তর্জাতিক পর্বত আরোহী সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।