ফোন ভিজলে চালের মধ্যে রাখলে কি শুকায়?
ফাইল ছবি
বর্ষাকালে রাস্তাঘাটে বের হলে হঠাৎ বৃষ্টিতে মোবাইল ভিজে যাওয়া খুবই সাধারণ ঘটনা। অনেকেই তখন তড়িঘড়ি করে ফোন চালু করে দেখেন, সব ঠিক আছে কি না। আবার কেউ কেউ কী করবেন ভেবে দুম করে ফোন চার্জে লাগিয়ে ফেলেন। কিন্তু এই ধরনের কয়েকটি ভুলই স্মার্টফোনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, ফোনে পানি ঢুকলে প্রথম কয়েক মিনিটের সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে, ডিভাইস বাঁচবে কি না। আতঙ্কিত না হয়ে কয়েকটি নিয়ম মেনে চলাই সবচেয়ে নিরাপদ।
ফোন ভিজে গেলে প্রথম কাজ হবে সেটি বন্ধ করে দেওয়া। পানি থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে শর্ট সার্কিটের ঝুঁকি অনেক বেড়ে যায়। অনেকে পরীক্ষা করতে চান, ফোন কাজ করছে কি না, তাই চার্জে দেন। এটি সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর একটি। ফোন পুরোপুরি শুকানোর কখনো চার্জ দেওয়া উচিত নয়। অনেকে হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করেন, যা ফোনের ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করতে পারে।
অনেকে রোদে রেখে দেন ফোন। কিন্তু ফোন সরাসরি রোদে রাখলে ব্যাটারি ও ডিসপ্লের ক্ষতি হতে পারে। পানি ঢুকেছে কি না তা পরীক্ষা করতে ফোন খুব জোরে ঝাঁকানো উচিত নয়, এতে পানি আরও ভেতরে ছড়িয়ে যেতে পারে। প্রথমেই একটি শুকনো ও নরম কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ মুছে নিন। চার্জিং পোর্ট, স্পিকার বা হেডফোন জ্যাকের দিকে পানি থাকলে ফোনটিকে নিচের দিকে কাত করে আলতোভাবে ধরুন। ফোনটিকে বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় কয়েক ঘণ্টা রেখে দিন। সম্ভব হলে সিম ট্রে খুলে রাখুন, যাতে ভেতরের আর্দ্রতা দ্রুত বের হতে পারে।
যদি ফোন একেবারেই ওয়াটার রেজিস্ট্যান্ট না হয়, স্ক্রিনে দাগ দেখা যায়, স্পিকার বিকৃত শোনা যায় কিংবা ফোন চালু না হয়, তাহলে দ্রুত সার্ভিস সেন্টারে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বর্ষাকালে বাইরে বের হলে ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ, জিপ-লক ব্যাগ বা ব্যাগের ভেতরের আলাদা সুরক্ষিত পকেট ব্যবহার করতে পারেন, এতে হঠাৎ বৃষ্টিতেও ফোন নিরাপদ থাকবে।
মোবাইল ভিজে গেলে আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করা সবচেয়ে বড় ভুল। ফোন বন্ধ করুন, মুছে শুকনো জায়গায় রাখুন এবং সম্পূর্ণ শুকানোর আগে চার্জে দেবেন না। এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই অনেক ক্ষেত্রে দামি স্মার্টফোনকে বড় ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব। ফোন ফ্যানের নিচে বা বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। ভেজা ফোন চালের মধ্যে রাখার প্রচলন রয়েছে, তবে অ্যাপল জানিয়েছে এটি একেবারেই নির্ভরযোগ্য নয়। এতে ফোনে চালের গুড়া ঢুকে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর বদলে সিলিকা জেল ব্যবহার করা যেতে পারে, জুতার বাক্সে বা নতুন ব্যাগে যে ছোট প্যাকেট থাকে সেগুলো কয়েকটি ফোনের কাছে রেখে দিলে আর্দ্রতা শুষে নিতে পারে।