হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি: ভারত
ছবিঃ সংগৃহীত।
শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটি লোকসভায় প্রতিবেদন উপস্থাপন করে।
এতে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছে- ভারত থেকে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরপর নানা আলোচনা-সমালোচনার মুখে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত সরকার।
সংসদীয় কমিটি জানায়, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
তবে একইসঙ্গে ভারত সরকার স্পষ্ট করেছে, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি।
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে দেওয়া সর্বশেষ প্রতিবেদনে কমিটি সুপারিশ করে, সরকার যেন তার নীতিগত ও মানবিক অবস্থান বজায় রাখে এবং এ ধরনের পরিস্থিতি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করে।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। কমিটির মতে, বাংলাদেশিদের জন্য কমে যাওয়া ভিসা কার্যক্রম জনমনে নেতিবাচক ধারণা তৈরি করছে এবং দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলছে।