ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও
প্রতীকী ছবি
বাড়ির পাশের পুকুরে ছোট ভাইকে বাঁচাতে নেমে আর ফেরা হলো না বড় ভাইয়েরও। ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই মাছ ধরার পর দুই ভাই পুকুরে নেমে শরীরের কাদা ধুতে যায়। এসময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়।
তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়।
পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে ততক্ষণে দুই ভাইয়েরই মৃত্যু হয়।
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যাওয়ার এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।