‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ঢাবির ছাত্রী হলের ফটকে গ্রাফিতি
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রচলিত ‘সান্ধ্য আইন’ বাতিল এবং ২৪ ঘণ্টা হল খোলা রাখার দাবিতে ফটকে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছেন নারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে পাঁচটি ছাত্রী হলের প্রধান ফটকে ‘নিরাপত্তার অজুহাতে, সংকুচিত স্বাধীনতা মানি না’, ‘সময়ের শেকল ভাঙো’-সহ বিভিন্ন স্লোগান ও চিত্রসংবলিত গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা।
প্ল্যাটফর্মটির সদস্য ইসরাত জাহান ইমু জানান, অবরোধবাসিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলের গেটে এ গ্রাফিতি আঁকা হয়েছে।
‘সময়ের শেকল ভাঙার’ এ আন্দোলন সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো নারী শিক্ষার্থীকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে প্রগতিশীল নারী শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্ম।