অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫

অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫

ফাইল ছবি

 

যশোরের অভয়নগরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশিয়ার রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহীসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হোগলাবন পাওয়ার প্লান্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিয়ার রহমান উপজেলার বাগদা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পায়রা বাজার থেকে ভ্যানে করে পাঁচাকড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পালসার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে