খুব সহজে তৈরি করুন চালকুমড়ার মালাই মোরব্বা
ছবিঃ সংগৃহীত।
পাকা চালকুমড়া দিয়ে তৈরি মিষ্টির কথা উঠলেই সবার আগে মনে আসে শুকনো মোরব্বার নাম। তবে একটু ভিন্ন স্বাদ চাইলে এই পরিচিত উপাদান দিয়েই তৈরি করতে পারেন চালকুমড়ার মোরব্বার ঝোল।এটি সকালের গরম পরোটা, লুচি বা রুটির সঙ্গে খেতে ভালো লাগবে, তেমনি দুপুর বা রাতের খাবারের পর ডেজার্ট হিসেবেও খেতে পারেন। অতিথি আপ্যায়ন বা বিশেষ দিনের মিষ্টির আয়োজনেএই খাবাটি হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপেই তৈরি করা যায়। একবার তৈরি করে খেলে ভিন্ন স্বাদের মোরব্বার ঝোল সম্পূর্ণ এক নতুন স্বাদের অভিজ্ঞতা দেবে।
আসুন জেনে নেওয়া যাক বাড়ি কীভাবে চালকুমড়ার মোরব্বার ঝোল তৈরি করবেন-
উপকরণ
মাঝারি পাকা চালকুমড়া ১টি
ঘন গরুর দুধ ১ লিটার
গুঁড়া দুধ আধা কাপ
নারিকেলের দুধ ১ কাপ
আখের গুড় বা খেজুরের গুড় অথবা চিনি স্বাদমতো
সবুজ এলাচ, দারুচিনি ও তেজপাতা ২-৩টি করে
ঘি বা তেল সামান্য
প্রস্তুত প্রণালি
পাকা চালকুমড়া কেটে নিয়ে খোসা ও ভেতরের বিচিসহ নরম অংশ পুরোপুরি ফেলে দিন। চালকুমড়ার শক্ত অংশটি চৌকো বা পছন্দমতো টুকরো করে কেটে নিন। কাটা চামচ বা শাসলিকের কাঠি দিয়ে চালকুমড়ার টুকরোগুলো গভীরভাবে কেচে নিন, যেন ভেতরের আঁশ নরম হয়ে যায় এবং পরে রস সহজে ভেতরে ঢুকতে পারে। একটি পাত্রে পানি ফুটিয়ে কেচে নেওয়া চালকুমড়া দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন। এরপর পানি থেকে তুলে ভালো করে চিপে সব পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে সামান্য ঘি বা তেল গরম করে সেদ্ধ চালকুমড়ার টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন।
অন্য একটি পাত্রে তরল দুধ, নারিকেলের দুধ এবং গুঁড়া দুধ একসঙ্গে ফুটিয়ে ঘন করতে থাকুন। এতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে দিন। মিষ্টির জন্য পছন্দ অনুযায়ী আখের গুড়, খেজুরের গুড় বা চিনি মিশিয়ে নিন।
দুধ ঘন হয়ে সুবাস বের হলে এবং বলক এলে ভেজে রাখা চালকুমড়ার টুকরোগুলো ছেড়ে দিন। কম আঁচে রেখে রান্না করুন, যাতে দুধ ও গুড়ের ক্ষীরসা চালকুমড়ার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। চালকুমড়া একদম নরম হয়ে এলে এবং ঝোল ঘন ও রসালো হয়ে উঠলে নামিয়ে নিন। ঠান্ডা হলে বা নরমাল ফ্রিজে রেখে পরিবেশন করুন সুস্বাদু মোরব্বার ঝোল।