টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোলে গ্রেপ্তার

টাঙ্গাইলের কৃষক লীগ নেতা বেনাপোলে গ্রেপ্তার

ফাইল ছবি।

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কৃষক লীগের মির্জাপুর উপজেলা শাখার বহিষ্কৃত সভাপতি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. হুমায়ুন তালুকদার। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই উপজেলার সুভল্লা গ্রামের আবদুর রশিদ তালুকদারের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, হুমায়ুন তালুকদার ইমিগ্রেশনের ‘স্টপলিস্ট’ বা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন। আজ দুপুরে তিনি ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে এলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে (মামলা নম্বর ০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬)।

বেনাপোল পোর্ট থানা সূত্র জানায়, সংশ্লিষ্ট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।