যশোরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
ফাইল ছবি
মাদকাসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে যশোরে আদালতের দ্বারস্থ হয়েছেন রহিমা বেগম নামে এক মা। তিনি যশোর শহরের পূর্ববারান্দীপাড়া দুই নম্বর কলোনির বাসিন্দা।
মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের আদালতে তিনি এ মামলা করেন। মাকে মারধর, চুরি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আমলে নিয়ে আসামি আওয়াল (২৪)-এর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, নেশার টাকার জন্য দীর্ঘদিন ধরে আওয়াল তাঁর বাবা-মায়ের কাছে টাকা দাবি করে আসছিলেন। গত ২৬ জুলাই টাকা না পেয়ে তিনি শিল-নোড়া দিয়ে মায়ের হাঁটুতে আঘাত করেন এবং বাবাকেও মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়, পরে আওয়াল ঘর থেকে ১৫ হাজার টাকা ও প্রায় চার আনা ওজনের এক জোড়া সোনার কানের দুল নিয়ে যান। এ সময় তিনি বাবা-মাকে প্রাণনাশের হুমকিও দেন।
দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়ার পর স্থানীয়দের পরামর্শে রহিমা বেগম আদালতে মামলা করেন।