রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র
রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ধরে রাখতে চায়। দুই পক্ষের সর্বশেষ বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এতে নতুন চুক্তি নিয়ে আশাবাদী ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ মহলও। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।
স্পেনের রাজধানী মাদ্রিদে ভিনিসিয়ুস ও ইয়ান ডিওমান্দের প্রতিনিধিত্বকারী সংস্থা রক নেশনের কর্মকর্তারা রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দুই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আইভরি কোস্টের তরুণ ফুটবলার ইয়ান ডিওমান্দেকে জার্মান ক্লাব আরবি লাইপজিগে পাঠানোর বিষয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত। একই বৈঠকে ভিনিসিয়ুসের বহুদিনের অপেক্ষার চুক্তি নবায়ন নিয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে তার চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত।
এদিকে নতুন কোচ জোসে মরিনিয়োর অধীনে টানা তিন দিন অনুশীলন করেছেন ভিনিসিয়ুস। ক্লাবের অফিসিয়াল মাধ্যমে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তিনি নতুন কোচের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তাকে শান্ত ও আত্মবিশ্বাসীও দেখা গেছে।
যদিও ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের আলোচনা প্রায় এক বছর ধরে স্থবির ছিল। সর্বশেষ আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও এরপর আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এখনও নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। তাই বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, আগামী জানুয়ারি থেকে বর্তমান নিয়ম অনুযায়ী ভিনিসিয়ুস চাইলে অন্য যেকোনো ক্লাবের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করতে পারবেন। সে কারণেই রিয়াল মাদ্রিদ দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে আগ্রহী।
তবে সর্বশেষ বৈঠকে যে অগ্রগতি হয়েছে, সেটিকে দুই পক্ষই অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। ফলে ভিনিসিয়ুসের নতুন চুক্তির ঘোষণা পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না বলেই ধারণা করা হচ্ছে।