গাজীপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি পেলেন ৩৫ শিক্ষার্থী

গাজীপুর জেলা পরিষদের শিক্ষা বৃত্তি পেলেন ৩৫ শিক্ষার্থী

সংগৃহীত ছবি

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত জেলার ৩৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল হলেও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে জেলা পরিষদের এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।