নেইমারকে ‘ছোট লোক’ বললেন ক্লাব প্রেসিডেন্ট

নেইমারকে ‘ছোট লোক’ বললেন ক্লাব প্রেসিডেন্ট

নেইমার

ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার পর গ্যালারির দুয়ো, আর ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে উস্কানিমূলক আচরণের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। প্রতিপক্ষ ক্লাব রিমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মহাতারকাকে সরাসরি 'ছোটলোক' বলে আক্রমণ করেছেন।

মঙ্গলবার রাতে বেলেমে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নেমে রনিকে দিয়ে একমাত্র জয়সূচক গোলটি করান নেইমার। এর মাধ্যমে রিমোকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সান্তোস।

ম্যাচ শেষ হতেই ক্ষোভে ফেটে পড়ে স্বাগতিক দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ফেরার পথে নেইমার রিমোর স্টাফ ও উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে 'বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে' বলে চিৎকার করছেন এবং হাত নেড়ে খোঁচা দিচ্ছেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রিমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা স্থানীয় সংবাদমাধ্যম পোর্টাল ও ফ্লুক্সো-কে বলেন, "আমাদের টুর্নামেন্ট দারুণ কেটেছিল। আর ওই নিচু মানসিকতার লোকটা- যাকে কিনা অনেক বাচ্চা তাদের আইডল মনে করে, এখানে এসে নিজের পুরনো নাটক দেখাল এবং আমাদের খোঁচা দিয়ে গেল। এমন সব ছোটলোকদের আইডল বানানোর জন্য দোষ আসলে আমাদেরই।"

অন্যদিকে, বেলেমের দর্শকদের দেওয়া গালমন্দ বা দুয়োকে পাত্তাই দেননি ৩৪ বছর বয়সী এই তারকা। ম্যাচে ওয়ার্ম-আপ করার সময় গ্যালারি থেকে ভেসে আসা দুয়োধ্বনির একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ব্যঙ্গাত্মক সুরেই নেইমার লেখেন, "ভালোবাসার জন্য ধন্যবাদ, বেলেম।" সাথে জুড়ে দেন লাভ ও হাসির ইমোজি।

সম্প্রতি নিজের চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়া এবং ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ ৮০ গোল করা নেইমারের এই আচরণ নিয়ে বর্তমানে স্পোর্টস মিডিয়ায় তোলপাড় চলছে।