জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরির গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন
সংগৃহীত ছবি
জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিকেরা।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জাহাজভাঙা শিল্পের সব শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া, আইনানুগ সবেতন ছুটি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মান অনুযায়ী কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জাহাজভাঙা শিল্পের শ্রমিকেরা এখনো ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। গত ৭ জানুয়ারি ন্যূনতম মজুরির খসড়া গেজেট প্রকাশ করা হলেও এখনো চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি।
তিনি বলেন, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে জাহাজভাঙা শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আন্তর্জাতিক মান অনুযায়ী কর্মক্ষেত্রে নিরাপত্তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে হবে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, জাহাজভাঙা শিল্পের অধিকাংশ শ্রমিক এখনো নিয়োগপত্র ও পরিচয়পত্র পান না। ফলে তাঁরা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার, ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি শ্রম আইন বাস্তবায়নে সরকার ও মালিকপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাপ্তাহিক, উৎসব ও নৈমিত্তিক ছুটিসহ আইনানুগ সবেতন ছুটি নিশ্চিত করার দাবি জানান।
জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক তথ্যকেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শ্রম অধিকারকর্মীরা বক্তব্য দেন।
মানববন্ধনে জাহাজভাঙা শিল্পের বিভিন্ন ইয়ার্ডের শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রম অধিকারকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
এর আগে গত ২৩ জুন সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একই দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছিলেন তারা।