চলনবিলে নৌভ্রমণে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতিকি ছবি
নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌভ্রমণে এসে পানিতে ডুবে আপন (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত আপন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শিক্ষা সফরের অংশ হিসেবে চলনবিলে নৌভ্রমণে আসে আপন। দুপুর ১টার দিকে নৌকায় থাকা অবস্থায় অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ৩টার দিকে চলনবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।