মায়ের কোল থেকে দুই বছরের শিশুকে নিয়ে উধাও স্বামী ও সতীন

মায়ের কোল থেকে দুই বছরের শিশুকে নিয়ে উধাও স্বামী ও সতীন

ফাইল ছবি

রাজশাহীর বাগমারায় মায়ের কোল থেকে দুই বছরের এক শিশুপুত্রকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে শিশুটির বাবা ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা জান্নাত বিবি।

শুক্রবার (৭ আগস্ট) বাগমারা থানায় স্বামী সাদেক আলী ও তার প্রথম স্ত্রী তাসলিমা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের বাসিন্দা সাদেক আলী ও তার প্রথম স্ত্রী তাসলিমা বেগম ঢাকার একটি বেকারি কারখানায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন সন্তান না হওয়ায় তারা সন্তানের আশায় ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল রাজবাড়ী এলাকার গোপাল সরকারের মেয়ে লিলি সরকারকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন।

অভিযোগে বলা হয়, তাদের অনুরোধে লিলি সরকার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় জান্নাত বিবি। পরে প্রথম স্ত্রীর সম্মতিতে প্রায় তিন বছর আগে সাদেক আলীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে মো. আব্দুর রহমান তাহাসিন নামে বর্তমানে দুই বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

জান্নাত বিবির অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই স্বামী ও সতীনের নির্যাতনের শিকার হন তিনি। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বাগমারার মচমইলে চলে আসেন।

তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে সাদেক আলী ও তার প্রথম স্ত্রী তাসলিমা বেগম শিশুটিকে দেখতে এসে আদর করার কথা বলে মায়ের কোল থেকে তাকে নিয়ে যান। এরপর আর তারা ফিরে আসেননি। পরে স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশ কাজ করছে।