তাপপ্রবাহ মোকাবিলায় নর্দান ইউনিভার্সিটির সচেতনতামূলক কর্মসূচি

তাপপ্রবাহ মোকাবিলায় নর্দান ইউনিভার্সিটির সচেতনতামূলক কর্মসূচি

সংগৃহীত ছবি

তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গাজীপুরের মালিপাড়া এলাকায় একটি কমিউনিটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এই আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড-পোস্টার প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোক প্রতিরোধ এবং গরমের সময়ে স্বাস্থ্য সুরক্ষার করণীয় সম্পর্কে বার্তা দেন।

অনুষ্ঠানে এনইউবির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের বিভাগীয় প্রধান মো. রিফাত উদ্দিন স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি পর্যাপ্ত পানি ও তরল পান করা, প্রয়োজন ছাড়া প্রখর রোদে বের না হওয়া, বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করা, হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, তাপপ্রবাহ শুধু অস্বস্তির কারণ নয়; এটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি। তাই এ ধরনের অসুস্থতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা অত্যন্ত জরুরি।

বিভাগের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব কমিউনিটি পর্যায়ে প্রয়োগের সুযোগ তৈরি করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও তাদের এই কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘সচেতন থাকুন, তাপপ্রবাহ থেকে নিরাপদ থাকুন’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।