যশোরে পূর্ণাঙ্গ সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিট স্থাপনের কাজ শুরু
সংগৃহীত ছবি
যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণমাত্রার সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ও এনজিওগ্রাম ইউনিট চালুর কাজ শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শনিবার দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোরে পূর্ণমাত্রার সিসিইউ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এ ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, ‘কত দ্রুত পূর্ণমাত্রার সিসিইউ ও এনজিওগ্রাম ইউনিট স্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে উদ্বোধন করানো যায়, সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
পরিদর্শনকালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত ও সিভিল সার্জন ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
যুগ্ম সচিব জানান, হাসপাতালটি তিনশ শয্যায় উন্নীত করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে আলোচনা করে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। পাশাপাশি যশোর মেডিকেল কলেজেও আরেকটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। দুটি মিলিয়ে এক হাজার শয্যা হলে যশোর অঞ্চলের স্বাস্থ্যসেবা অনেকটাই উন্নত হবে বলে তিনি আশা করেন।