বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
সংগৃহীত
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ-এর নেতৃত্বে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) -এর প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি’র উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআই এর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ঊভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।
দলের পক্ষে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবং মাহমুদা হাবীবা এমপি। অন্যদিকে, আইআরআইয়ের পক্ষে বৈঠকে অংশ নেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোকলে, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি এবং টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক।