‘এ ক্রিসমাস স্টোরি’র অভিনেত্রী টেডি মুর এর মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
জনপ্রিয় ক্রিসমাস কমেডি চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’র মিস শিল্ডস চরিত্রের অভিনেত্রী টেডি মুর মারা গেছেন। গত ৫ আগস্ট কানাডার অন্টারিওর হান্টসভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড টেডি মুরের মৃত্যুর খবর জানিয়েছে। তবে মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ এখনো খোলাসা করা হয়নি।
অভিনয়ের পাশাপাশি টেডি মুর কাজ করেছেন স্ক্রিপ্ট সম্পাদনা ও অভিনয় প্রশিক্ষণের ক্ষেত্রেও। অভিনয়জীবনের শুরুতে ক্রিস্টোফার ওয়াকেনের সঙ্গে ‘এ মিডসামার নাইট’স ড্রিঙ্ক’ নাটকে অভিনয় করেন তিনি।
তবে বড় পর্দায় তার সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি ১৯৮৩ সালের ‘এ ক্রিসমাস স্টোরি’। সিনেমাটিতে মিস শিল্ডস নামের এক কঠোর শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন টেডি মুর। পিটার বিলিংসলির অভিনীত নয় বছর বয়সী রালফি পারকারের শিক্ষিকা হিসেবে তার অভিনয় দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে।
এরপর দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন টেডি মুর। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘সেকেন্ড উইন্ড’, ‘মার্ডার বাই ডিক্রি’, ‘ওভারনাইট’ এবং ‘ডাউন দ্য রোড এগেইন’।
টেলিভিশনেও বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রে দেখা গেছে তাকে। ‘মিসেলটো ওভার ম্যানহাটন’-এর পাশাপাশি মিনি সিরিজ ‘দ্য কেনেডিস’-এও অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের বাইরেও শিল্পীদের প্রশিক্ষণ ও চিত্রনাট্য সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন টেডি মুর। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করে তিনি কানাডীয় অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন।