মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে
ফাইল ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে বিরোধের জেরে দায়ের করা হামলার মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিনজন হলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে বিরোধের জেরে হামলা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম তালুকদার কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার অপরাধ আইনে মামলা করেন।
মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয় বলে মামলাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ মামলাটির দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা