রূপগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলারে অভিযান, ইউপি সদস্যসহ গ্রেফতার ২০

রূপগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলারে অভিযান, ইউপি সদস্যসহ গ্রেফতার ২০

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার কাঞ্চন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।  

পুলিশের দাবি, ট্রলারে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে আছেন মুড়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া।

এছাড়া রনি মিয়া, রাসেল মিয়া, সুমন খানসহ মোট ২০ জন।  

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, শীতলক্ষ্যা নদীর কাঞ্চন এলাকায় ট্রলার ভাড়া নিয়ে ইউপি সদস্যসহ একদল যুবক নারী নিয়ে মদ্যপানসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে।

পরে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।