ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে সামি বেপারী (১৭) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। সংঘর্ষে কমপক্ষে নারীসহ দশ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটার দিকে ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কৈডুবি সদরদি মহল্লায়। নিহত সামি বেপারী কৈডুবি সদরদী মহল্লার আতিকুর বেপারীর ছেলে। 

পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায, দুই পক্ষের মধ্যে আধা ঘন্টার মত সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে দশ জন আহত হয়। এরমধ্যে সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। গুরুতর আহত সামি বেপারিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে সামি বেপারি মারা যায়। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোবাশ্বিরা ইয়াসমিন বলেন, সংঘর্ষে গুরুতর আহত সামি বেপারি নামক এক ব্যক্তি মারা গিয়েছে। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।