বৃষ্টিতে ধানমণ্ডিতে গাড়ির ওপর আছড়ে পড়ল গাছ

বৃষ্টিতে ধানমণ্ডিতে গাড়ির ওপর আছড়ে পড়ল গাছ

সংগৃহীত ছবি

ভারি বর্ষণের সময় রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠের পশ্চিম পাশে একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেট কারের ওপর পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) রাতে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আবাহনী মাঠের পশ্চিম পাশে সড়কের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ে। গাছটি সড়কের ওপরও পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়।

 

এ ঘটনায় প্রথমে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাছ পড়ার খবর পেয়ে ধানমণ্ডিতে আবাহনী মাঠের পাশে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গাছটি সরানোর কাজ করছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব বলেন, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে চলতি গাড়ির ওপর পড়ে। গাড়িগুলো দুমড়েমুচড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।