গভীর রাতেও রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
সংগৃহীত ছবি
রাজধানীতে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি গভীর রাতেও অব্যাহত রয়েছে। এর সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতও হচ্ছে।
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।
সন্ধ্যার পর রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মতিঝিল, ধানমণ্ডি ও মিরপুর রোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে যানবাহনের গতি ধীর হয়ে যায়। নিচু সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।
মতিঝিলে বেসরকারি প্রতিষ্ঠানের এক চাকরিজীবী জানান, অফিস শেষে বের হয়েই বৃষ্টির মুখে পড়েন। বাসের দেখা মিলছে না, আর যা পাওয়া যাচ্ছে, তাতে ওঠার মতো অবস্থা নেই। সিএনজি বা রাইড শেয়ারিংয়েও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
এ ছাড়া সড়কের কিছু অংশে পানি জমে থাকায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা বৃষ্টির মধ্যেও সড়ক সচল রাখার চেষ্টা করছেন।