বিমা খাত জনবান্ধব করার তাগিদ
সংগৃহীত
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে বৈঠক করেছে বিমা খাতের দুই অ্যাসোসিয়েশন। এই বৈঠকে দেশের বিমা খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের মাধ্যমে খাতটিকে আরো গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর মতিঝিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির প্রতিনিধিদের যৌথ মতবিনিময় সভায় এই তাগিদ দেওয়া হয়। বৈঠকে বিমা খাতের সার্বিক চ্যালেঞ্জ, বর্তমান সম্ভাবনা এবং সংকট নিরসনে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বিআইএ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা বিমা খাতের মাঠ পর্যায়ের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা দূর করতে বিমা খাতকে আরো গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে আইডিআরএ ও বিমা কোম্পানিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি, গ্রাহক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে ঐকমত্য পোষণ করেন উপস্থিত প্রতিনিধিরা। বিমা খাতকে একটি শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।