ঢাবির দুই শিক্ষার্থী পেলেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক

ঢাবির দুই শিক্ষার্থী পেলেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ এবং ১১ শিক্ষার্থী ‘ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি’ পেয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

২০২২ ও ২০২৩ সালের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় নূরেজান্নাত আফরিস ও অর্পিতা দে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ লাভ করেন। এছাড়া, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—রুশদা জাহান রুহি, অতসী দে, পুষ্পিতা রায় পুষ্প, ভাগ্যশ্রী চক্রবর্তী, মায়শা ফারজানা ঐশী, দীপ দাশ, শেখ জেরিন শবনম, রাতুল দে দীপ্ত, পূর্বাশা মন্ডল, অর্পিতা সিকদার ও মায়েশা সুলতানা উর্বি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার এবং এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা।

অনুষ্ঠানে ‘সুরের ধ্রুবতারা: সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন দি ডেইলি স্টারের চিফ কালচার ইনিশিয়েটিভস্ ও ‘জেমস অব নজরুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদিয়া আফরিন মল্লিক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “দেশের সংগীত জগতের উন্নয়ন ও বিকাশে ফিরোজা বেগম অসামান্য অবদান রেখে গেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, “শিল্পী ফিরোজা বেগমের গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”