আত্মহত্যা করলেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

আত্মহত্যা করলেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

ছবিঃ সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটূক্তি ও অতিরিক্ত ট্রোলিংয়ের মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জাপানের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর মিনা চান।

গত ৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার সিউলে নিজ বাসভবনে লাইভ স্ট্রিমিং চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৫ বছর বয়সী এই তরুণী। আনুমানিক ভোর ৫টা ৩৩ মিনিটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইয়াংসান পুলিশ।

মিনা চানের মৃত্যুর খবরটি প্রথমে তার বোন এক আবেগঘন পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানান। পরবর্তীতে গত ১১ আগস্ট তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি চূড়ান্তভাবে নিশ্চিত করে বলা হয়, মিনা চানের ২৬তম জন্মদিনের ঠিক দুই দিন আগে তাকে নিজেদের কাছে "বাড়ি" ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পরিবার আরও জানায়, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য ও তীব্র সমালোচনা তাকে গভীরভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

ব্যক্তিজীবনে কে-পপ ব্যান্ড ‘এনহাইপেন’-এর ভীষণ ভক্ত ছিলেন মিনা চান। টিকটকে ৩ লক্ষাধিক এবং ইনস্টাগ্রামে ১ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী নিয়ে তিনি নিয়মিত ফ্যাশন, লাইফস্টাইল ও কসমেটিক্সবিষয়ক কনটেন্ট তৈরি করতেন।

বর্তমানে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং মর্মান্তিক এ ঘটনার পেছনে মূল কারণ খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ।