লোহিত সাগরে কেন ইরানের সহায়তা চাইল জাপান

লোহিত সাগরে কেন ইরানের সহায়তা চাইল জাপান

ফাইল ছবি।

লোহিত সাগরের বাব আল-মানদাব প্রণালিতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা ও উত্তেজনা ঠেকাতে ইরানের সহায়তা চেয়েছে জাপান।ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

পরে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি টোকিওর সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তাকাইচি। তিনি বলেন, কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান করা ইরান ও পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন তাকাইচি। আলোচনায় সফলভাবে সমঝোতা হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় জাপানের সমর্থনের জন্য তাকাইচিকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কখনোই আঞ্চলিক অস্থিতিশীলতা চায়নি।

পেজেশকিয়ান জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনই আঞ্চলিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থায় ইরান আন্তর্জাতিক আইন মেনেই কাজ করেছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে চেষ্টা করে আসছে।

এসময় জাপানের কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।