ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ

ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ

সংগৃহীত ছবি

জ্বালানি তেল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই। বুধবার(১২ আগস্ট) সন্ধ্যায় বিএসটিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক হাসিবুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, পাম্পটিতে দীর্ঘদিন ধরে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে বিএসটিআইয়ের একটি দল ছদ্মবেশে পাম্পটি পরিদর্শন করে এবং ডিসপেন্সিং ইউনিটের পরিমাপক যন্ত্র পরীক্ষা করে। পরীক্ষায় নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ১৫(৩) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পাম্পটির দুটি ডিসপেন্সিং ইউনিটের কার্যক্রম  বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া বিএসটিআইয়ের পরিদর্শক হাসিবুর রহমান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত অভিযান পরিচালনা করছে। কোনো পেট্রোল পাম্পে ডিজিটাল মিটারে কারচুপি বা ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।