গাজীপুর সাফারি পার্কে একদিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু
সংগৃহীত
গাজীপুর সাফারি পার্কে একদিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে, একটি দীর্ঘদিন ধরে আহতাবস্থায় চিকিৎসাধীন ছিল। অপর হাতিটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অসুস্থ হয়ে মারা গেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
পার্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ মে হাতিশালয় বাঁধা অবস্থায় দশ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা করে চার বছর বয়সী হাতি জয়ীতা। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়।
পরে অবস্থার অবনতি হলে প্রাণীটির চিকিৎসায় একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি থাইল্যান্ড থেকে বন্যপ্রাণী চিকিৎসক দল এনে চিকিৎসা দেওয়া হয়। পরামর্শ নেওয়া হয় শ্রীলঙ্কার চিকিৎসকদেরও।
তারেক রহমান জানান, রাজু বাহাদুরকে সুস্থ করে তুলতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও পরিচর্যা চালানো হয়েছিল। তবে সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও ৭ আগস্ট সকালে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে অসুস্থ হয়ে মারা যায় আরো একটি হাতি।
তিনি বলেন, দুই হাতির মৃত্যুর কারণ নিশ্চিতে দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে পার্কের ভেতরই হাতি দুটি মাটিচাপা দেওয়া হয়। বর্তমানে গাজীপুর সাফারি পার্কে ৮টি হাতি রয়েছে।
যেভাবে পার্কে এসেছিল রাজু বাহাদুর
২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল ৯ বছর। পরে হাতিটি গাজীপুর সাফারি পার্কের হাতিশালয় নেওয়া হয়।