কলকাতায় ড্রাইভিং শিখতে গিয়ে গাড়ি পুকুরে পড়ে নারীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
কলকাতায় ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি পড়ে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ আগস্ট) কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম সুমিত্রা দাস। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সুমিত্রা সেদিন স্কুটারে করে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে ফেরেন। এরপর স্কুটার রেখে তিনি গ্যারেজ থেকে গাড়ি বের করেন ।
ড্রাইভিংয়ের সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালানোর পর পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়ির ভেতর থেকে সুমিত্রাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গাড়ি উদ্ধারের পর সুমিত্রার মরদেহ গাড়ির ভেতরে পাওয়া যায়। তার মুখ গাড়ির পেছনের দিকের দরজার দিকে এবং পা স্টিয়ারিংয়ের কাছে ছিল। পুলিশের ধারণা, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই তিনি গাড়ি চালানোর অনুশীলন করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় সুমিত্রা ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলেন। এতে গাড়ির গতি বেড়ে গিয়ে সেটি পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে যায়।
সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।