ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
প্রতিকি ছবি
রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মাণাধীন ভবনের পুরোনো সীমানাপ্রাচীর ধসে মাহিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শাহজাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার সময় কয়েকজন শিশু ওই এলাকায় খেলাধুলা করছিল।
হঠাৎ নির্মাণাধীন ভবনের পুরোনো ও ফাটলধরা সীমানাপ্রাচীর ধসে পড়লে শিশুরা চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় মাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শিশু স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
নিহত মাহিদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। সে পরিবারের সঙ্গে শাহজাদপুর এলাকায় থাকত। তার বাবা মো. হাবিব পেশায় প্রাইভেটকারচালক। এক ভাই ও এক বোনের মধ্যে মাহিদ ছিল ছোট।
মাহিদের মা মৌসুমী বলেন, বিকেলে বাসার পাশের রাস্তায় কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল মাহিদ। পরে খবর পান, রাস্তার পাশে থাকা পুরোনো সীমানাপ্রাচীর ধসে তার ছেলে আহত হয়েছে।
হাসপাতালে মাহিদকে নিয়ে যাওয়া এক প্রতিবেশী জানান, ওই বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে ফাউন্ডেশনের কাজ চলছিল। বাড়িটির সীমানাপ্রাচীরটি পুরোনো ও ফাটলধরা ছিল। হঠাৎ সেটি ধসে পড়ে।
এ সময় পাশেই কয়েকজন শিশু খেলছিল। এতে হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।