অস্ট্রেলিয়ায় ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান শামীম

অস্ট্রেলিয়ায় ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান শামীম

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টপ অ্যান্ড টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ দলও। যে কারণে দিন দুয়েক আগে দলও ঘোষণা করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার মিরপুরে পুরো দলের হয়েছে ফটোসেশন। পরে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন শামীম পাটোয়ারী। জানান অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলে জাতীয় দলে ফেরার পথ সুগম করতে চান।

শামীম বলেন, ‘অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য আছে। যেহেতু আমি জাতীয় দলের বাইরে, তাই লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করে আবার দলে ফিরে আসা। আমার ব্যক্তিগত লক্ষ্য হলো ভালো খেলা এবং দলকে জেতানো। মূলত এটাই আমার লক্ষ্য।’

টি-টোয়েন্টি দলে ফিনিশারের ভূমিকায় খেলে থাকেন শামীম। এইচপি দলের হয়েও একই ভূমিকায় খেলতে দেখা যাবে তাকে। ‘আমার ভূমিকা হলো ফিনিশিং দেওয়া। ছয় নম্বরে খেলি, তাই আমার কাজ, ম্যাচ শেষ করে আসা। দলকে জেতানোই আমার প্রধান কাজ। তাই, সেখানে ভালো করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

পরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’