দিল্লিতে হাইকোর্ট-বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

দিল্লিতে হাইকোর্ট-বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

ছবিঃ সংগৃহীত।

ভারতের স্বাধীনতা দিবসের এক দিন আগে রাজধানী নয়াদিল্লির দিল্লি হাইকোর্টসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার পৃথক ঘটনায় এসব হুমকি পাওয়ার পর রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিল্লি হাইকোর্টে ই-মেইলের মাধ্যমে আগামীকাল শনিবার বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই ই-মেইলে বলা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। একই ই-মেইলে দিল্লির বিভিন্ন জেলা আদালতে বিকেল ৩টা ১১ মিনিটে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। তবে হুমকির পরো দিল্লি হাইকোর্টের বিচারিক কার্যক্রমে তাৎক্ষণিক কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আদালতের কার্যক্রম চলেছে।

ফোনে হুমকি আরো পাঁচ স্থানে

এদিকে ফোনকলের মাধ্যমে রাজধানীর আরো পাঁচটি স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এগুলো হলো—জামনগর হাউস, ঝান্ডেওয়ালান বিল্ডিং, এমবি রোডের সাকেত অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়।

দিল্লি ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে এসব স্থানে বোমা হামলার হুমকির তথ্য পাওয়া যায়। খবর পাওয়ার পর প্রতিটি স্থানে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হুমকি পাওয়া কোনো স্থানেই সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে রাজধানীতে এমনিতেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বোমা হামলার হুমকির ঘটনায় সংবেদনশীল স্থাপনা, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নজরদারি আরও বাড়িয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।

সূত্র: দ্য হিন্দু