ভবঘুরে নারীর জন্ম দেওয়া নবজাতকের মৃত্যু
প্রতিকি ছবি
বরিশালের বাবুগঞ্জে ভবঘুরে মানসিক প্রতিবন্ধী নারীর জন্ম দেওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জন্ম দেওয়ার পর বেলা ১২টার দিকে নবজাতকের মৃত্যু হয় বলে এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ওবায়দুল ইসলাম উজ্জল জানান, গত কয়েকদিন ধরে অজ্ঞাত ভবঘুরে মানসিক প্রতিবন্ধী নারী উপজেলার রহমতপুর ব্রিজ ও আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করে। শুক্রবার সকালে সে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিছু কাপড় ও ব্যানার দিয়ে নারী ও নবজাতকে আড়াল করে। পরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের অবহিত করা হয়।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা ঘটনাস্থলে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মা ও শিশুর নিরাপত্তায় প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও ব্যবস্থা নিয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় গর্ভজাত সন্তানের পরিপূর্ণ সেবা মেলেনি। তাই অপরিণত সকাল আটটার দিকে জন্ম হয়েছে। জন্মের পর নবজাতকটি প্রয়োজনীয় সেবাও পায়নি। তাই বেলা ১২টার দিকে নবজাতকটির মৃত্যু হয়েছে। পরে নবজাতকের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে নবজাতকটির লাশ আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হবে। এছাড়াও নবজাতকের ডিএনএ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।