বরিশালে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

বরিশালে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

প্রতিকি ছবি

বরিশালের গৌরনদীতে অপু বিশ্বাস(২৮) নামে এক অটোরিকশাচালক অচেতন করে তার অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপু বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার চাপাচুপা এলাকার শিরোমনি বিশ্বাসের ছেলে। ভুক্তভোগীর ভাই শিশির বিশ্বাস জানান, গতকাল বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন অপু। রাত ১০টার দিকে ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পারেন, অপু অচেতন অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এখনো তার জ্ঞান ফেরেনি। কোথায় এবং কীভাবে তাকে অচেতন করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাতে কে বা কারা অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে রেখে যায়। পরে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের জ্ঞান ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।