যবিপ্রবিতে প্রথমবার শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’
সংগৃহীত ছবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা, নিয়মকানুন ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ নির্দেশিকা তৈরি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৮টি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে হ্যান্ডবুকটি তৈরি করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন, বিভিন্ন দপ্তর ও বিভাগের সিটিজেন চার্টার, একাডেমিক ক্যালেন্ডার ও অর্ডিন্যান্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলি, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তার তথ্য এবং আবাসিক হল ব্যবস্থাপনা ও শৃঙ্খলা–সংক্রান্ত নির্দেশনা রয়েছে।
নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেতে হ্যান্ডবুকটি সহায়ক হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেবা, নিয়মকানুন এবং করণীয়-বর্জনীয় সম্পর্কে সহজে জানতে পারবেন।