মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সংগৃহীত ছবি

 

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক আতিকুর রহমান টিপু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যচাষি ও মৎস্যজীবী, মৎস্যখাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মৎস্যখাতের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ মৎস্যচাষ সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্যসম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কর্মসূচির আনুষ্ঠানিকতা আরও বর্ণিল হয়ে ওঠে।