সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছ বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
সংগৃহীত ছবি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে নাটোরের সিংড়া উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ।
রবিবার উপজেলার লালোর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং প্রকৃতির প্রাণশক্তি। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য আগামী প্রজন্ম গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। তবে আমরা শুধু সংখ্যায় সীমাবদ্ধ থাকতে চাই না; বৃক্ষরোপণের একটি গণজোয়ার সৃষ্টি করতে চাই। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ছে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও এভাবে এগিয়ে এলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আজ বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজেদের বাড়িতে এসব চারা রোপণ এবং পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার গোলাম রাব্বানী, লালোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা মো. এমরান আলী রানা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।